ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর আজিমপুর কবরস্থানে দাফনের আগে নড়ে ওঠা শিশুটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না।
গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা শিশু হাসপাতালে এই নবজাতক মারা যায়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল আজিজ বলেন, এই নবজাতককে বাঁচানো যায়নি। গত রাতে সে মারা গেছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শারমিন আক্তার (২৪) একটি মেয়েশিশু প্রসব করেন। জন্মের পরই নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়। আজিমপুর কবরস্থানে দাফনের জন্য গোসল করানোর সময় নবজাতকটি হঠাৎ নড়ে ওঠে। দুপুরের দিকে নবজাতকটিকে ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
গর্ভের সন্তান স্বাভাবিক অবস্থায় নেই টের পেয়ে রোববার মধ্যরাতে চিকিৎসা নিতে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু আলট্রাসনোগ্রামে গর্ভে সন্তানের অবস্থান দেখে চিকিৎসক জানিয়ে দেন সন্তানটি জীবিত নেই। প্রসূতি মাকে বাঁচাতে সন্তানটিকে অস্ত্রপচারের মাধ্যমে বের করতে হবে। অবশেষে ভূমিষ্ট হয় নবজাতক। মৃত ধারণা করে নবজাতকটি আসলেই মৃত কিনা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও দেখেন চিকিৎসক। এরপর নিশ্চিত হন নবজাতকটি মৃত। এরপর দেন মৃত্যু সনদও।
এদিকে, মৃত্যু সনদ দেয়ার পরও ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি তাদের হাসপাতালের নয়।
হাসপাতালের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন গতকাল জানিয়েছিলেন, নবজাতকটির অবস্থা খুব খারাপ। তার হৃদ্যন্ত্র সচল আছে। অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আবদুল্লাহ আল মামুন জানান, নবজাতকটির ওজন ছিল মাত্র ৯০০ গ্রাম। সম্ভবত সাত মাসে তার জন্ম হয়েছিল। অস্ত্রোপচার ছাড়াই তার জন্ম হয়।
নবজাতকের মা শারমিন আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নবজাতকটির বাবা মিনহাজ উদ্দিন। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। স্ত্রীসহ তিনি ধামরাইতে থাকেন।
