ভারতে করোনাভাইরাস আক্রান্ত বৃদ্ধির জন্য দিল্লির নিজামুদ্দিনের জামাতে যোগ দেয়া মুসল্লিদের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার।
অথচ করোনা পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হতে চাইছেন না তাবলিগ জামাতের জমায়েতে যোগ দেওয়া অনেক ব্যক্তি। এমনটাই অভিযোগ করলেন দিল্লির লোক নায়েক হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা জে সি প্যাসে।
বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই-কে প্যাসে জানান, লোক নায়েক হাসপাতালে করোনা সন্দেহে ২১৬ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ১৮৮ জনই জামাতের জমায়েতে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, ‘দলটির (তাবলিগ জামাত) ২৪ জনের মধ্যে ২৩ জনের রিপোর্ট পজিটিভ পেয়েছি। এটা উদ্বেগজনক।’
প্যাসের অভিযোগ, এতজন করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও অনেকেই স্বাস্থ্য পরীক্ষায় বাধা দিচ্ছেন। লোক নায়েক হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তার কথায়,
ওদের অনেকে (তাবলিগ জামাতের জমায়েতে যোগ দেওয়া সদস্যরা) পরীক্ষার বিরোধিতা করছেন। ওরা বলছেন, (হাসপাতালে) ভর্তি হওয়ার প্রয়োজন নেই। তাই আমাদের যে কর্মীরা বিপদের মুখে কাজ করছেন, তাদের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ওদের যে তিনটি ব্লকে রাখা হয়েছে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

