দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৪




দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী ও এক শিশু নিহত ও ২০ জন আহত হয়েছে।
এছাড়া আজ বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসের চাপায় চালক ও রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। ধাক্কা দেওয়ার পর সামনে আটকে যাওয়া রিকশাটিকে টেনেহিঁচড়ে ২০০ গজ দূরে নিয়ে যায়।
এ বিষয়ে মির্জাপুর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাস মহাসড়কের ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২০ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ, গোড়াই হাইওয়ে থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত নয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা পর বাসটির যাত্রী শিশু সওকা সূত্রধরের (৩) মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করেন। সওকা ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের দীপক সূত্রধরের ছেলে। এ ছাড়া বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৫৫) মারা যান। তিনি টাঙ্গাইল সদর উপজেলার আতোয়ার রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় পৌঁছে যাত্রীবাহী একটি রিকশাকে চাপা দেয়। বাসটির সামনের অংশে রিকশাটি আটকে যাওয়ার পরও বাসটি টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে। এ সময় বাসটির ধাক্কায় এক নারী পথচারী আহত হন। ঘটনাস্থল থেকে অন্তত ২০০ গজ টেনে নেওয়ার পর বাসটি থামিয়ে চালক পালিয়ে যান।
ঘটনাস্থলেই নিহত হন রিকশাটির চালক মো. ছালাম খাঁ (৪৫) ও যাত্রী ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন শেখ (৫০)। ছালাম উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরুপার চক গ্রামের দারোগ আলী খাঁর ছেলে। মো. নাজিম উদ্দিন গোয়ালন্দ বাজারের ভুসি মালের ব্যবসায়ী ছিলেন। তিনি একই গ্রামের মৃত জুড়ান শেখের ছেলে। আহত হন রিকশাটির আরেক যাত্রী মোসলেম খাঁ ও পথচারী রাবেয়া খাতুন।