কক্সবাজারের কুতুপালংয়ে এক হাজার থেকে ১২০০ একর জমিতে ‘টার্কিশ জোন’ তৈরি করে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ২ লাখ রোহিঙ্গার থাকা, খাওয়াসহ সব ধরনের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক।
আজ রবিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক সাক্ষাৎ করে রোহিঙ্গাদের জন্য তুরস্ক সরকারের সহায়তা বাড়ানোর আশ্বাস দেন।
বৈঠকের পর ত্রাণমন্ত্রী মায়া সাংবাদিকদের বলেন, “তুরস্ক এক লাখ রোহিঙ্গার জন্য ২৪ হাজার ঘর করে দিতে চেয়েছিল, কিন্তু রোহিঙ্গাদের সংখ্যা বেড়েছে। আমাদের অনুরোধের প্রেক্ষিতে এখন তারা আশ্বস্ত করেছে, মোট দুই লাখ লোকের জন্য ঘর করতে চিন্তা-ভাবনা করছে। এ বিষয়ে তুরস্ক সরকারের সঙ্গে রাষ্ট্রদূত আলোচনা করবেন। আশা করছি আমরা এসব পেয়ে যাব। দুই লাখ লোকের জন্য ৫০ হাজার শেড নির্মাণে তুরস্কের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন।”
মায়া বলেন, “এজন্য তারা কুতুপালংয়ে এক হাজার থেকে ১২০০ একর জায়গা চেয়েছেন। সেই জায়গায় ইতোমধ্যে চার থেকে সাড়ে চার হাজার ক্যাম্প করে রোহিঙ্গাদের খাওয়ার ব্যবস্থা করেছেন। টার্কিশ জোন হিসেবে তারা জায়গাটা চিহ্নিত করেছেন। এই জোনে ৫০ হাজার শেড করে দুই লাখ রোহিঙ্গার থাকার ব্যবস্থা হবে। ওই জায়গায় যা কিছু প্রয়োজন খাওয়া, থাকা, চিকিৎসা, টিউবওয়েল, বিশুদ্ধ পানি, শেড সব দায়িত্ব তারা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।”
‘টার্কিশ জোনের’ বাইরে থাকা কুতুপালংয়ে আরও পাঁচ থেকে সাত লাখ লোককেও তুরস্ক সহায়তা করবে বলে জানান মায়া। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় কুতুপালংয়ের বাসিন্দা পাঁচ থেকে ছয় লাখ বাংলাদেশি হিমশিম খাচ্ছেন বলে স্বীকার করেন ত্রাণমন্ত্রী।
তিনি বলেন, “৫০ হাজার শৌচাগার প্রয়োজন। ইউনিসেফ ১০ হাজার এবং বাংলাদেশ সরকার নয় হাজার নির্মাণ করবে। বাকি ৩০ হাজারের মধ্যে ২০ হাজার শৌচাগার তারা তৈরি করে দেবে বলে আশ্বস্ত করেছে। তাদের সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী বৈঠকে জানাবেন। কুতুপালং এলাকার গাছপালা শেষ পর্যায়ে, এক দেড় মাস পরে গাছ থেকে কোনো জ্বালানি খুঁজে পাওয়া যাবে না। তুরস্ককে জ্বালানি দিয়েও সহায়তা করতে বলেছি, এ বিষয়ে তারা আশ্বস্ত করেছেন।”
