সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আক্রমণ করেছে সফটওয়্যার বাগ। ইতিমধ্যে এক কোটি ৪০ লক্ষ ফেসবুক গ্রাহক এই ‘বাগ’-এর হানায় আক্রান্ত। এই বাগ ফাঁস করে দিচ্ছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য।
মূলত ব্যবহারকারীদের একটা সাধারণ ব্যক্তিগত পোস্টও এ বার ‘পাবলিক’ করে দিচ্ছে এই ভয়ানক ‘বাগ’। গত মাসের ১৮ মে থেকে ২৭ মে পর্যন্ত তাই হয়েছে। ফেসবুক গ্রাহকদের উপর হামলা চালিয়েছে এই ‘সফটওয়্যার বাগ’। এই বাগ ব্যবহারকারীর ‘প্রাইভেসি সেটিংস’ বদলে দিয়েছে ‘পাবলিক’-এ।
এদিকে ফেসবুকের তরফে বলা হয়েছে, গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। সতর্ক করে দেওয়া হয়েছে তাঁদের। অর্থাৎ এক কোটি ৪০ লক্ষ গ্রাহককে। পোস্ট আবার খতিয়ে দেখতেও অনুরোধ জানানো হয়েছে ফেসবুকের তরফে। গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
এ বিষয়ে সংস্থার চিফ প্রাইভেসি অফিসার এরিন এগান বলেন, আচমকাই এই ‘বাগ’টি নজরে আসে। তার পরই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে ব্রিটেনের সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার হাতে প্রায় আট কোটি ৭০ লক্ষ গ্রাহকের তথ্য তুলে দেওয়ার জন্য সর্বত্রই প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ফেসবুককে। এঘটনায় মামলার মুখোমুখি হতে হয়েছে এই সংস্থাটিকে।
