দূতাবাসের বিশেষ উদ্যোগে দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা



দূতাবাসের বিশেষ উদ্যোগে দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ দেশটির দূতাবাস। যারা দেশে ফিরতে চান তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা যারা নিজ দেশে ফিরতে আগ্রহী, তাদের জন্য কাজ করছে দূতাবাস। তাদের জন্য একটি ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

তবে সেই ফ্লাইটের সময় ও তারিখ এখনই জানানো সম্ভব নয়। খুব শিগগিরই এ বিষয়ে তথ্য জানানো হবে। যুক্তরাষ্ট্রে ফিরে যেতে আগ্রহী আমেরিকানদের নাম, ঠিকানাসহ ই-মেইলে যুক্তরাষ্ট্র দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

জানা যায়, বেশিরভাগ রুটে ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী আমেরিকানদের জন্য বিশেষ ফ্লাইটের বিষয়ে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চায় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

এদিকে শুরু থেকেই কূটনীতিকদের বিশেষ ফ্লাইটে ফিরে যাওয়ার ব্যাপারে সহযোগিতা দেয়ার কথা জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।

পেপারস লাইফ/জাতীয় ডেস্ক