দেশীয় বাণিজ্য সুরক্ষায় সতর্ক ট্রাম্প




যুক্তরাষ্ট্রের বাণিজ্য সুরক্ষায় আরো সতর্ক অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে স্থানীয় ম্যানুফ্যাকচারারদের সহায়তা করতে আগামী ছয় মাস আরো আইনি ও নীতিমালাগত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া করপোরেট করহার ১৫ শতাংশে নামিয়ে আনাসহ দেশের বাণিজ্য ঘাটতি হ্রাসে তত্পরতা শুরু করেছেন এ প্রেসিডেন্ট। এরই মধ্যে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড (নাফটা) নিয়ে পুনরালোচনায় কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাসে গুরুত্ব দিচ্ছেন তিনি।
এ বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘অতীতে সম্পন্ন হওয়া বেশকিছু বাণিজ্যচুক্তি ও বাণিজ্য-বিষয়ক কার্যক্রমে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় স্থানীয় কোম্পানিগুলোকে সুরক্ষা দিতে আইনি ও নীতিমালাগত পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন তিনি। হোয়াইট হাউজের ব্লু রুমে স্থানীয় কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব জানান প্রেসিডেন্ট।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নাজুক ম্যানুফ্যাকচারিং খাত চাঙ্গা করতে নিজের প্রচেষ্টা সম্পর্কে জানাতেই প্রেসিডেন্ট ট্রাম্প এ বৈঠকের আয়োজন করেন।
স্থানীয় পণ্যের প্রসার ও আমেরিকানদের নিয়োগে প্রাধান্য দিতে গত সোমবার (১৭ জুলাই) ‘মেড ইন আমেরিকা ডে’ ও ১৬-২২ জুলাইকে ‘মেড ইন আমেরিকা উইক’ হিসেবে ঘোষণা করেন।
এ সময় ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের প্রত্যেকের কাছে প্রতিশ্রুতি দিতে চাই— কোনো দেশকে আর আমাদের নীতিমালা লঙ্ঘন, কাজ চুরি ও সম্পদ লুটে নিয়ে যেতে দেব না।’
স্থানীয় ম্যানুফ্যাকচারারদের সুরক্ষায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ না করলেও অন্য দেশগুলোর আরোপিত অন্যায্য শুল্ক ও নিয়মবহির্ভূত বাণিজ্যচর্চা নিয়ে সমালোচনা করেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অনলাইনে বিদেশী পণ্য বিক্রির নামে যে লুণ্ঠনমূলক চর্চা চলে তা বন্ধ করা হবে। কারণ এই বিক্রয়চর্চা আমাদের ব্যবসায়ী ও শপিং সেন্টারগুলোকে ধ্বংস করে দিচ্ছে।
এদিকে বাণিজ্য ইস্যু নিয়ে এমন এক সময় প্রেসিডেন্ট ট্রাম্প এসব মন্তব্য করলেন, যখন কিনা নাফটা চুক্তির আওতায় কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে পুনরালোচনার উদ্যোগ নেয়া হচ্ছে। এ আলোচনায় কানাডা-মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী মাস থেকে নাফটা নিয়ে পুনরালোচনা শুরু হবে। কৃষি ও শিল্পপণ্যের জন্য বাণিজ্যিক প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি ভর্তুকি হ্রাস নিয়ে কাজ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য-বিষয়ক প্রতিনিধি রবার্ট লাইটিজার এক বিবৃতিতে জানান, দেশের সব নাগরিকের জন্য সর্বোচ্চ ভালো চুক্তি সম্পন্নে প্রতিশ্রুতি রক্ষা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। অতীতের অনেক ভুল বাণিজ্যচর্চার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কর্ম পাচার হয়ে যাচ্ছে ও রাজনৈতিক প্রতিশ্রুতি মিথ্যায় পর্যবসিত হচ্ছে।
যদিও একসময় ট্রাম্প নাফটা চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। সে অবস্থান থেকে সরে এলেও ট্রাম্প চুক্তিটিকে ‘দুর্যোগ’ হিসেবে উল্লেখ করে বলছেন, নাফটার কারণে মার্কিন সম্পদ ও কর্ম অন্য দেশে পাচার হয়ে গেছে। মেক্সিকোর অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ভূমিকাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, চুক্তিটিকে আরো আধুনিক ও স্বচ্ছ করে তুলতে সব ইস্যু নিয়েই আলোচনা করা হবে।
অর্থনীতিবিদরাও বলছেন, নাফটা চুক্তিটি হালনাগাদ করা প্রয়োজন। প্রসঙ্গত, নাফটার আওতাধীন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বার্ষিক ১ ট্রিলিয়ন ডলার বাণিজ্যিক কার্যক্রম সম্পন্ন হয়।
দেশের ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে করপোরেট করহার ১৫ শতাংশে নামিয়ে আনার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তার প্রশাসনের অন্য কর্মকর্তারা এই কর ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে ধরে রাখার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, করহার এর চেয়ে কম হলে বাজেট ঘাটতি আরো বেড়ে যাবে। প্রেসিডেন্টের পরিকল্পনা অনুযায়ী, করপোরেট কর ৩৫ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা হলে এক দশকে দেশের অর্থনীতিতে ক্ষতির হার দাঁড়াবে ২ ট্রিলিয়ন ডলার। চলতি মাসের শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।