দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০,১৪৩ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২৬০ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ৫ জনই পুরুষ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জন।
সেইসাথে ১৪৭ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন । বর্তমানে দেশের ৩৩ টি প্রতিষ্ঠান নমুনা পরীক্ষা করছে।
আজ সোমবার (৪ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৪৮ হাজার ২৮২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৬৬ হাজার ৪ জনের শরীরে।
সোমবার (৪ মে) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২১ লাখ ৬৩ হাজার ৭০৮ জন। এদের মধ্যে ২১ লাখ ১৩ হাজার ৬৬৮ জনের শরীরে সংক্রমণ থাকলেও ৫০ হাজার ৪০ জনের অবস্থা গুরুতর।

