দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৪ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের।
আজ বুধবার (৮ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দেশে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। সেইসাথে মৃত্যু হয়েছিল পাঁচ জনের।
এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।
স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

