২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) আন্তর্জাতিক বাজার থেকে গম আমদানি ২১ লাখ টন ছাড়িয়ে গেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে দেশে মোট ২১ লাখ ১৮ হাজার টন গম আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। এ সময় প্রায় সাড়ে ৪৮ হাজার টন গম সরকারি পর্যায়ে আমদানি হয়েছে। অন্যদিকে বেসরকারি পর্যায়ে বাকি প্রায় ২০ লাখ ৭০ হাজার টন গম আমদানি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশে প্রায় ৫৬ লাখ ৯০ হাজার টন গম আমদানি হয়েছিল।
এর মধ্যে সরকারি পর্যায়ে আমদানি করা হয়েছিল প্রায় ৩ লাখ ৯২ হাজার টন। বাকি প্রায় ৫২ লাখ ৯৭ হাজার টন গম বেসরকারি পর্যায়ে আমদানি হয়েছিল। চলতি মাসের প্রথম দিনও সরকারি পর্যায়ে দেশে পাঁচ হাজার টন গম আমদানি হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বাংলাদেশের গম আমদানি বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গমের অভ্যন্তরীণ চাহিদা প্রতি বছরই বাড়ছে। চলতি মৌসুমে বন্যার কারণে পণ্যটির উৎপাদন ব্যাহত হওয়ায় আশঙ্কা রয়েছে। এ কারণে অভ্যন্তরীণ চাহিদা পূরণে গম আমদানি বাড়ানো হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে যেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার টন গম আমদানি হয়েছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথম চার মাসেই খাদ্যপণ্যটির আমদানি ২১ লাখ টন ছাড়িয়ে গেছে। বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজার থেকে দেশে গম আমদানি আরো বাড়তে পারে।
এদিকে চলতি মৌসুমে দেশে প্রায় ১০ লাখ টন গম উৎপাদন হবে। অভ্যন্তরীণ চাহিদার বাকিটা পূরণ হবে আমদানি করা গম দিয়ে। বাংলাদেশ মূলত ভারত থেকে সবচেয়ে বেশি গম আমদানি করে। তবে চলতি বছর কৃষ্ণ মহাসাগরীয় দেশগুলোয় খাদ্যপণ্যটির বাম্পার ফলনের জের ধরে এ অঞ্চলের দেশগুলো থেকে গম আমদানির চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় রাশিয়া থেকে প্রায় দুই লাখ টন গম আমদানি করা হয়েছে। এ বাবদ প্রতি টন গমের বিপরীতে ২৫২ ডলার ব্যয় হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ চাহিদা মোকাবেলায় অস্ট্রেলিয়া ও কানাডা থেকে গম আমদানির চেষ্টা করা হচ্ছে।
