দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১,৬৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ হাজার ২০৫ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯,৭২৭ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ২৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩২ জন।
এছাড়াও নতুন করে সুস্থ হয়েছে আরও ৫৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬,১৯০ জন। দেশের ৪৭ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব।। থমকে গেছে বিশ্বের জনজীবন। গত বছরের শেষে চীনের উহানে প্রথম শনাক্ত হয় এ ভাইরাস।
এরপর বিশ্বের ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১০ জন। প্রাণ কেড়ে নিয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬২১ জনের।

