প্রাণঘাতী করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১২ জনে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে আইইডিসিআর।
এর আগে সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সব মিলিয়ে মৃত্যু হয়েছে মোট ৩৯ জনের। নতুন করে তিন জন সুস্থ হয়ে ফিরেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২ জন।
বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী। গেল ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর থেকে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা।
এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৫ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৬৯৯ মানুষ মারা গিয়েছে।

