এবার করোনা সংক্রমণের কারণে কাজ না থাকায় আত্মহত্যা করলেন ভূমিহীন এক দিনমজুর। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায়।
জানা যায়, মৃত ওই ব্যক্তি চাষ আবাদের কাজ করতেন। কিন্তু লকডাউনের কারণে কোনও কাজ না থাকায় অবসাদে আত্মহত্যা করেছেন এই দিনমজুর।
রবিবার ৫৪ বছরের প্রৌঢ়ের মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী পুলিশকে জানান যে অবসাদে ভুগছিলেন এই প্রৌঢ়।
এসময় ওই ব্যক্তির স্ত্রী বলেন যে তার স্বামীর হার্টের সমস্যা ছিল, কিন্তু ওষুধ কেনার টাকা ছিল না। তাদের দুটি ছেলে ও একটি মেয়ে আছে। বিভিন্ন কাজ করতেন এই দিনমজুর কিন্তু গত দুই সপ্তাহ তার কোনও কাজ জোটে নি।
স্থানীয় তৃণমূল নিয়ন্ত্রিত পঞ্চায়েতের সদস্য নজরুল ইসলাম জানান যে পরিবারটি খুব দরিদ্র। অভাবের ফলেই আত্মঘাতী হয়েছেন ওই প্রৌঢ়।
স্থানীয় ব্লক উন্নয়ন অফিসার সমীরন ভট্টাচার্য বলেন যে পরিবারটি খেতে পাচ্ছিল না এমন নয়। তারা সরকার থেকে রেশন পাচ্ছিল, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জেনেছি। তবে সব মৃত্যুই বেদনাদায়ক, তাই সরকারের তরফ থেকে সবরকম সাহায্য করা হবে মৃতের পরিবারকে।
মৃত মজুরের এক আত্মীয় বলেন যে সোমবার তৃণমূলের কিছু লোকজন খাওয়ার ও টাকা দিয়ে গেল। বিডিও এসে সাহায্যের আশ্বাস দিলেন। আগে যদি এগুলো পাওয়া যেত, তাহলে হয়তো একটা মানুষকে মরতে হত না।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

