যুক্তরাষ্ট্রে কাতারের বিরুদ্ধে একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচারণা শুরু করেছে সৌদি আমেরিকান পাবলিক রিলেশন অ্যাফেয়ার্স কমিটি (এসএপিআরএসি)। ৩০ সেকেন্ডের সাতটি বিজ্ঞাপনে ১ লাখ ৩৮ হাজার ডলার ব্যয় করছে এসএপিআরএসি।
গত ২৩ জুলাই থেকে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি বা এনবিসিতে বিজ্ঞাপনগুলোর সম্প্রচার শুরু হয়েছে। বিজ্ঞাপনগুলোর ভাষ্য এ রকম— কাতার এ অঞ্চলে সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং আমেরিকার মিত্র দেশগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। ৫ জুন থেকে কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন দলগুলোর সব সম্পর্ক ছিন্ন করার পরও অভিযোগগুলো অব্যাহত রয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে দোহা।
এনবিসি ছাড়াও বিজ্ঞাপন সম্প্রচারিত হবে মার্কিন সাপ্তাহিক সংবাদ-সাক্ষাত্কার-বিষয়ক অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’ চলাকালে। চাক টডের উপস্থাপনায় উচ্চপর্যায়ের রাজনীতিবিদদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি রোববার সকালে। সবমিলে ১২০ সেকেন্ডের চারটি বিজ্ঞাপনের জন্য এসএপিআরএসিকে ব্যয় করতে হবে ১ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ প্রতি সেকেন্ডে ব্যয় হবে ১ হাজার ডলার। এছাড়া ২৩ জুলাই ব্রিটিশ ওপেন গল্ফ টুর্নামেন্ট চলাকালে বাকি তিনটি বিজ্ঞাপন সম্প্রচার করা হয়। প্রতিটি বিজ্ঞাপনের পেছনে প্রতি সেকেন্ডে ব্যয় হয়েছে ৬ হাজার ডলার।
এ বিষয়ে বাজার গবেষণামূলক সংস্থা বোরেল অ্যাসোসিয়েটসের গবেষণা বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কিপ ক্যাসিনো বলেন, এ ধরনের বিজ্ঞাপন থেকে খুব বেশি লাভবান হওয়া সম্ভব নয়। এ বিজ্ঞাপনটি কেবল সরকারি নীতিনির্ধারণে সামান্য প্রভাব ফেলতে পারে।
