ধান উৎপাদনে নতুন রেকর্ড চীনে




ধান ও চাল উৎপাদনকারী দেশগুলোর তালিকায় চীনের অবস্থান বিশ্বে প্রথম। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা সামাল দিতে দেশটি অনেক আগেই হাইব্রিড ধান উৎপাদনে ঝুঁকেছে। ফলে চীনে খাদ্যপণ্যটির উৎপাদনের প্রবৃদ্ধি বজায় রয়েছে। এর জের ধরে চলতি বছর দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি পরীক্ষামূলক ক্ষেতের প্রতি হেক্টর জমিতে রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হয়েছে। প্রাদেশিক সরকারের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হাইব্রিড জাতের ধানের উৎপাদন আরো বাড়াতে কয়েক বছর ধরেই গবেষণা করছেন স্থানীয় গবেষকরা। প্রাদেশিক সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভাগের পৃষ্ঠপোষকতায় স্থানীয় ইয়োংনিয়ান জেলার হানদান শহরে পরীক্ষামূলকভাবে ‘জিয়াং লিয়াংয়ুন ৯০০’ জাতের হাইব্রিড ধান উৎপাদন করা হয়। পরীক্ষামূলক এ ক্ষেতের তিনটি প্লটে প্রতি হেক্টর জমিতে রেকর্ড ১৭ দশমিক ২ টন ধান উৎপাদন হয়েছে। সব মিলে প্রতি মু জমিতে (দশমিক শূন্য ৭ হেক্টর) ১ হাজার ১৪৯ দশমিক শূন্য ২ কেজি ধান উৎপাদন হয়েছে।
ইউয়ান লংপিং এ প্রদেশের সেরা কৃষিবিজ্ঞানী। পুরো চীনে তিনি ‘হাইব্রিড ধানের জনক’ হিসেবে পরিচিত। এ কৃষিবিজ্ঞানী সংশ্লিষ্ট প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। ইউয়ান লংপিং বলেন, পুরো প্রকল্পটি থেকে ১ হাজার ১৪৯ দশমিক শূন্য ২ কেজি ধান উৎপাদন হয়েছে, যা নতুন রেকর্ড। প্রকল্পটি থেকে মোট ৩ হাজার ৫৯১ দশমিক ৮৪ কেজি চাল পাওয়া গেছে। তার মতে, পর্যাপ্ত সেচ প্রদান, সঠিক সময়ে আগাছা নিধন ও সঠিক ব্যবস্থাপনার কারণে ধানের বাড়তি উৎপাদন করা সম্ভব হয়েছে।
চীনে দীর্ঘদিন ধরেই এ ধরনের পরীক্ষামূলক ধান উৎপাদন চলছে। গত বছর এ প্রদেশে একই ধরনের পরীক্ষামূলক প্রকল্পে প্রতি মু জমি থেকে ১ হাজার ৮২ কেজি ধান পাওয়া গিয়েছিল। অন্যদিকে দেশটির ইউনান প্রদেশের প্লট থেকে পাওয়া গিয়েছিল ১ হাজার ৮৮ কেজি ধান। সেই হিসাবে এবার খাদ্যপণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ৬০ কেজি বেড়েছে।
ইউয়ান লংপিং বলেন, ‘হাইব্রিড ধান উৎপাদনসংক্রান্ত গবেষণায় আমাদের দীর্ঘ ৫০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ এ সময় পেরিয়ে খাদ্যপণ্যটির হেক্টরপ্রতি উৎপাদনে নতুন বিশ্ব রেকর্ড করা সম্ভব হয়েছে। আমাদের দেশের ৬৫ শতাংশ মানুষ খাবারের জন্য সরাসরি চালের ওপর নির্ভরশীল। তাই এ অর্জন ধান ও চাল উৎপাদনে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লড়াই আরো গতিশীল হবে।’ এদিকে ইনডেক্স মুন্ডির তথ্য অনুযায়ী, নয় বছর ধরে চীনে প্রতি হেক্টর জমি থেকে গড়ে সাত টন ধান উৎপাদন হয়। চলতি বছরও হেক্টরপ্রতি ধান উৎপাদন একই থাকতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।