লেখক হিসেবে আগে থেকেই যথেষ্টই পরিচিত ছিলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। অনেক আগেই তার লেখা গল্প বই আকারে বেরিয়েছে। এ বার তাঁর গল্প নিয়েই ছবি তৈরি হচ্ছে। আর এই সিনেমার নায়িকা হচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

এই ছবির নাম ‘শর্টকাট’। পরিচালক সুবীর মণ্ডল। এছাড়াও অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন, , ওরিন।
এ বিষয়ে নচিকেতা বলেন,‘এই গল্পের মধ্যে সিনেমার উপাদান আছে। এটা ছোট্ট একটা গল্প। সুবীরকে দিয়ে বললাম নিজের মতো করে গড়ে পিটে নিতে। সুবীর কত ভাল ছবি বানাবে, আমি জানি না। ও মানুষটা খুব ভাল। তাই গল্পটা ওকেই দিলাম।’
‘‘আমাদের সকলের মধ্যেই একটা শর্টকাট নেওয়ার প্রবণতা দেখা যায়। পরিণতিতে কেউ সফল, কেউ ব্যর্থ,’’ ছবির ব্যাখ্যায় বলছিলেন পরিচালক। এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থ-সামাজিক অবস্থার দুই যুবকের গল্প ‘শর্টকাট’। ‘‘বিত্তবান পরিবারের একটি ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আর একটি ছেলে। আপাতদৃষ্টিতে দু’জনের অবস্থান আলাদা হলেও তাদের দু’জনের জীবনেই ব্যর্থতার গ্লানি রয়েছে। কোথাও গিয়ে তারা মিলে যায়। এ বার তারা পরিস্থিতি থেকে বেরোতে পারে কি না সেটা নিয়েই গল্প,
সোমবার থেকেই শুরু হয়েছে ‘শর্টকাট’-এর শুটিং। প্রত্যাশা মতোই ছবির মিউজ়িকের দায়িত্বে নচিকেতা নিজেই।
