নতুন করে কেন নাচ শিখছেন সালমান




২৫ দিন ধরে নিজেকে লুকিয়ে রেখেছেন সালমান। বাতাসে ভেসে বেড়াচ্ছে কিছু একটার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ভাইজান। আর সেই কিছু একটা হচ্ছে নাচ। প্রশ্ন জাগতে পারে সালমান তো বরাবরই মোটামুটি নাচেন। তাহলে নতুন করে কেন নাচ শেখার প্রয়োজন হচ্ছে এই তারকার?
শোনা যাচ্ছে, কোরিওগ্রাফার রেমো ডি’সুজার ‘এবিসিডি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে বলিউডের এই সুপারস্টারকে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে। নাচভিত্তিক এই ছবিতে সালমান রীতিমতো পেশাদার নাচিয়েদের মতো নাচ করবেন।
রেমোর এই ড্যান্স-ড্রামাতে যখন সালমানের অভিনয় করার কথা প্রকাশ্যে আসে, তখন অনেকেই ভ্রু কুঁচকেছেন। ভালো নাচিয়ে হিসেবে তাঁর বলিউডে খুব একটা সুনাম নেই। মোটামুটি কাজ চালানর মত স্টেপ দিয়েই সিনেমায় নাচের দৃশ্যের অভিনয় করেছেন এই অভিনেতা। কিন্তু ‘এবিসিডি’র সিক্যুয়েলে শুধু নাচের অ, আ, ক, খ জানলেই হবে না। রীতিমতো নাচের ব্যাকরণ জানতে হবে।
এর আগে ‘এবিসিডি’ সিরিজে বরুণ, শ্রদ্ধাসহ আরও অভিনেতাদের পেশাদার নাচিয়েদের মতো নাচতে দেখা যায়। ‘এবিসিডি’র চ্যালেঞ্জই হলো ‘এনিবডি ক্যান ডান্স’, মানে যে কেউ নাচতে পারে। আর তাই হয়তো এবার এই চ্যালেঞ্জ রেমো নিয়েছেন সালমানকে নিয়ে।
তাই গত ২৫ দিন ধরে সাল্লু মিয়া ব্যস্ত হিপহপ শিখতে। সালমানকে হিপহপ শেখাতে রেমো নিযুক্ত করেছেন একঝাঁক পেশাদার নৃত্যশিল্পী।
এ বিষয়ে রেমো জানিয়েছেন, ‘দঙ্গল’ যেমন ক্রীড়াভিত্তিক ছবি, এই ছবিও শুধুই নাচের। রেমো এর আগে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বাজিরাও মস্তানি’-এর মতো সিনেমার কোরিওগ্রাফি করেছেন।
জানা গেছে, বাবা-মেয়ের সম্পর্ক ঘিরে রেমোর আগামী ছবির গল্পটি বোনা হয়েছে। সালমানকে বাবার চরিত্রে দেখা যাবে। সাল্লুর বিপরীতে অভিনয় করবেন জ্যাকলিন। অনেকের ধারণা, ‘এবিসিডি’র সিক্যুয়েলের নাম ‘ড্যান্সিং ড্যাড’ও হতে পারে। আগামী অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা।