দেশে নতুন করে দুই শিশুসহ আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, আক্রান্ত তিন জনের মধ্যে একটি ছেলে শিশু, একটি মেয়ে শিশু এবং অপরজন নারী।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন করে আক্রান্ত এই তিনজের উপসর্গ খুবই কম। তাদের বাড়িতে রেখেও চিকিৎসা দেওয়া যেতো। কিন্তু তাদের মাধ্যমে অন্যরা যাতে আক্রান্ত না হন, তাই তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি আরও জানান, এর আগে জার্মানি ও ইতালি থেকে আসা যে দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন, নতুন করে আক্রান্তরা তাদের একজনের আত্মীয়।
উল্লেখ্য, দেশে এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৮ জনে। প্রথমে ইতালি থেকে আসা দুই ভাই এবং দেশে থাকা তাদের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন।

