কুড়িয়ে পাওয়া এক প্রকার গাছের ফল পাওয়া গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, যা ভিজিয়ে পানি পান করলে করোনামুক্ত হওয়া যাবে! এমনই এক গুজব ছড়িয়ে পড়েছে অত্র এলাকায়।
এমন গুজবের বশীভূত হয়ে মঙ্গলবার দুপুর থেকে এ ফলটি খুঁজতে রাস্তায় নেমে পড়েন অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে এক ধরনের গাছের ফল (বিচি) পাওয়া যাচ্ছে যা খেলেই করোনামুক্ত হওয়া যাবে!
এই খবরের পর বাড়বকুণ্ড বড়ুয়াপাড়া, সৈয়দপুর, বারৈয়াঢালা, পৌর সদর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এ গুজব ডালপালা ছড়াতে থাকে এবং অনেকেই বাড়ির সামনে ও আশপাশে খুঁজে ওই ফলটি বের করেন।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তা বললেন, এসব গুজব ছাড়া কিছুই না। এই ফলের পানি খেয়ে উল্টো অসুস্থও হয়ে যেতে পারেন কেউ।
এদিকে সূত্রগুলো জানিয়েছে এই ফল বা বিচিটি খেলে করোনামুক্ত হওয়া যাবে- এমন খবর সীতাকুণ্ড ছাড়িয়ে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের আরো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। যদি এটি নিছক গুজব বলেই মন্তব্য করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ।
তিনি বলেন, এরকম একটি গুজব কি করে ছড়াল জানি না। কোনো ফল বা বিচি খেলে করোনা চলে যাবে একথা সত্যি নয়। এটি পুরোপুরিই গুজব। বরং না জেনে এ ধরনের ফল বা তা ভিজিয়ে পানি খেলে উল্টো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই গুজবের ওপর ভিত্তি করে এ ধরনের কোনো ফল বা বিচি না খাওয়ার পরামর্শ দেন তিনি।
নিজ বাড়ির সামনের রাস্তা বা উঠোনে এটি কুড়িয়ে পাওয়ার খবর জানা গেছে।

