বিয়ের অনুষ্ঠান থেকে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে গিয়েছিলেন সিলেটের এক তরুণ।
মঙ্গলবার একদল দর্শক বিয়ের পোশাক পরে সিলেটের স্টেডিয়ামে এসে হাজির হলে গ্যালারিতে তোলপাড় সৃষ্টি হয়।
বরের বেশে যিনি তিনি সরাসরি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেই স্টেডিয়ামে চলে এসেছেন। বরের কাছে খেলা দেখতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ক্রিকেট ভালোবাসেন বলেই তার এই ছুটে আসা, তাও দলবল সহ।
বেশ টানটান উত্তেজনারই একটি ম্যাচ দেখেন সদ্য বিবাহিত এই বর ও তার সঙ্গীরা। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি শেষ বল পর্যন্ত গড়ায় এবং বাংলাদেশ শেষ পর্যন্ত চার রানের একটি জয় পায়।
বরের নাম আলী হায়দার লাভলু, বিয়ে করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলায়। বিশ্বনাথ থেকে সরাসরি সিলেটের স্টেডিয়ামে ছুটে আসেন খেলা দেখতে।
যুক্তরাষ্ট্র প্রবাসী এই বর বলেন, “বউকে বাসায় রেখেই খেলা দেখতে চলে এলাম, এর বড় কারণ আমি ক্রিকেট ভক্ত, বিশ্বনাথ থেকে গাড়িতে চড়ে চলে এলাম।”
সূত্র:বিবিসি বাংলা।

