নভেম্বরে বিয়ের পিড়িতে বসবেন রণবীর-দীপিকা!




বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। একসঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রকাশ্যেই নিজেদের সম্পর্কের কথা বলেছেন তারা। তবে বিয়ের ব্যপারে মুখে কুলুপ এটেছেন এই দুই তারকা।
অনেকের দাবি, ১০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের ‘রানি পদ্মাবতী’। এ ছাড়া বিয়েকে ঘিরে শোনা যাচ্ছে নানা কথা।
রণবীর আর দীপিকা নিজে কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এখনো বিয়ের ব্যাপারে কিছুই জানানো হয়নি। কিন্তু তাঁদের বিয়ের প্রস্তুতির নানা খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ ভারতীয় রীতি মেনে সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা যুগল।
শোনা যাচ্ছে, রণবীর ও দীপিকার আশীর্বাদ হয়ে গেছে। গত বছর তাঁরা যখন শ্রীলঙ্কা বেড়াতে গিয়েছিলেন, তখন দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের ‘রোকা’ (আশীর্বাদ) হয়। এই দুই তারকার বিয়ে ঘিরে চারদিকে এত জল্পনাকল্পনা, কিন্তু রণবীর ও দীপিকা মুখে কুলুপ এঁটে বসে আছেন। তাঁরা এই গুঞ্জনের পক্ষে বা বিপক্ষে কিছুই বলছেন না।
আগে থেকে শোনা যাচ্ছিল, আগামী জুলাই মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। এ মাসেও বিয়ের জন্য শুভলগ্ন আছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন দুজনই এই সময় তাঁদের পেশাগত কারণে ব্যস্ত থাকবেন। সুতরাং নভেম্বরেই বিয়ে করতে পারেন তারা।
এদিকে সম্প্রতি সারা দুনিয়ার সামনে নিজের ভালোবাসাকে স্বীকার করে নিলেন বলিউডের ‘পিকু’। সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর তাঁর নিজের নতুন লুকের একটি সেলফি পোস্ট করেন। এই ছবি দেখে দীপিকা লিখেছেন ‘মাইন’, অর্থাৎ ‘আমার’। কথায় আছে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তাই দীপিকার একটি শব্দই সব প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট। মাত্র একটি শব্দ প্রয়োগ করে তিনি স্বীকার করেন নিজের ভালোবাসাকে। আর এই স্বীকারোক্তি তাঁদের বিয়ের খবরকে আরও উসকে দেয়।