নম্বর কমতে পারে জেএসসি-জেডিসিতে



আগামী জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমানের সব পাবলিক পরীক্ষা থেকে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ)এমসিকিউ থাকছে। তবে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা থেকে নম্বর ও বিষয় কমতে পারে।
গতকাল রোববার এ নিয়ে সভা হলেও সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ৩১ মে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
কয়েক বছর ধরে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় আগামী জেএসসি, জেডিসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকেই এমসিকিউ প্রশ্নপত্র তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু গত কিছুদিনে তাদের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়।
এখন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এমসিকিউ বাদ দেওয়া হলেও একটি যৌক্তিক সময় দিয়ে বাদ দেওয়া হবে। সে ক্ষেত্রে হয়তো এসএসসির ক্ষেত্রে যেসব শিক্ষার্থী নবম শ্রেণিতে পড়ছে এবং এইচএসসির ক্ষেত্রে যারা এখন একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাদের থেকে এমসিকিউ বাদ দেওয়া হতে পারে। কিন্তু আগামী পরীক্ষায় এমসিকিউ থাকছে।
গতকালের এনসিসিসির সভা শেষে সাংবাদিকেরা এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত এমসিকিউ নিয়ে আগের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।
শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ৮ মে জেএসসি ও জেডিসি পরীক্ষা থেকে সাতটি বিষয়ে মোট ৬৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছিল। বর্তমানে চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে মোট ৮৫০ নম্বরের পরীক্ষা হয়। ২০ মে এক সভায় শিক্ষা মন্ত্রণালয়ও এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে। সেদিন বলা হয়েছিল, গতকালের এনসিসিসি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।