নরসিংদী সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯




ছুটির দিন শুক্রবার নরসিংদী সদর, রায়পুরা ও মাধবদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন এক মোটরসাইকেলে চলার সময় বাসচাপায় মারা যান বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া একটি বাস পথে অন্তত তিন জায়গায় দুর্ঘটনা ঘটায় বলে এলাকাবাসী জানিয়েছে।

রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চারারবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে এক পথচারীও আহত হন। নিহতরা হলেন – ইয়ামিন (২৩), ডালিম (১৭), রমজান (১৭) ও সোহাগ (১৭)। ইয়ামিনের বাড়ি শিবপুরের ঘাসিরদিয়া। অন্যদের বাড়ি মরজালে। ওই চারজন বিভিন্ন পোল্ট্রি ফার্মে মুরগির ভ্যাকসিন দেওয়ার কাজ করতেন বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম কাউসার। পুলিশ লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে গেছে।

এছাড়া সদরে মাইক্রোবাসের চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী দম্পতি। এ বিষয়ে সদর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাগাটা এলাকায় বেলা সোয়া ১টার দিকে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় তারা মারা যান। নিহতরা হলেন – দুবাই প্রবাসী আমিনুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মানসুরা বেগম (৩০)। আমিনুল তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন বলে তার মা জানিয়েছেন।

ওসি সৈয়দুজ্জামান বলেন, “বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুবাই প্রবাসী আমিনুল ও মানসুরার ঘটনাস্থলেই মৃত্যু হয়।” লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মাধবদী থানার ওসি মো. ইলিয়াস মোল্লা বলেন, বেলা দেড়টার দিকে মাধবদী পুরাতন বাসস্ট্যান্ডের রাইন মার্কেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস অটোরিকশাকে চাপা দিলে এর চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে দুইজন হলেন – অটোরিকশার যাত্রী রতন মিয়া (৪৫) ও পথচারী মকবুল হোসেন। অটোরিকশার চালকের বয়স আনুমানিক ৩৪ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। তবে স্থানীয়রা চালকের নাম নয়ন মিয়া বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে হবিগঞ্জগামী অগ্রদূত পরিবহনের বাসটি অটোরিকশা ছাড়াও দুটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। তানভীর নামে একজন প্রাইভেটকার চালক বলেন, বাসটি বেপরোয়া গতিতে চলছিল।

পুলিশ বাসটি আটক করলেও চালককে ধরতে পারেনি। এ বিষয়ে ওসি ইলিয়াস বলেন, “চালক পালিয়ে গেছে।”