নারায়ণগঞ্জে বাস ও লরির সংঘর্ষ, নিহত ৮




নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও লরির সংষর্ষে আটজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও ৩০ জন। আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন।
আজ সোমবার দুপুরে টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, বেলা ১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে পাশের খাদে অর্ধেক পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে ৫ জন নিহত হন। আহত হন ২৭ জন যাত্রী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, মেডিকেলে নিহত পাঁচজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শুভ সাহা (১৮)। অন্যদের মধ্যে ৬ বছরের এক শিশু, ৪৫ বছরের এক পুরুষ, ৫০ বছরের এক নারী ও ৬০ বছরের এক বৃদ্ধা আছেন।
ওসি বলেন, দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে রেকার দিয়ে বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে বেলা ২টার দিকে হাসপাতালে আনা হয়। পৌঁছানোর আগেই তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়।