নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই দেয়াল ধস হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দ্গ্ধ দু’জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় এ ঘটনা ঘটে। দোতলা বাড়িটির দ্বিতীয়তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে বাড়ির একটি দেয়াল ধসে যায়। এসময় আগুন ধরে গেলে বাড়ির মালিকের ছেলে ইব্রাহিম ও তার শ্যালক আইনাল এই দু’জন দ্গ্ধ হন। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে ফেলে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আবুল খায়ের ও কেয়ার টেকারসহ তিনজনকে প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য আটক করে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব ডিসপোজাল ইউনিট। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে তারা জানান, মূলত গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে নাশকতার কোন আলামত পাওয়া যায়নি।
