নারীদের জন্য সবচেয়ে খারাপ মহানগরের মধ্যে বিশ্বে সপ্তম অবস্থানে আছে রাজধানী ঢাকা । এছাড়া থমসন রয়টার্স ফাউন্ডেশন এর জরীপ অনুযায়ী যৌন সহিংসতার দিক দিয়ে ঢাকার অবস্থান চতুর্থ ।
যৌন সহিংসতা, স্বাস্থ্যসেবার সুযোগ, ক্ষতিকর সামাজিক চর্চা এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধার ভিত্তিতে ঢাকার অবস্থান সপ্তম। এক কোটির বেশি মানুষের বসবাস এমন ১৯টি মহানগরে এক জরিপের মাধ্যমে থমসন রয়টার্স ফাউন্ডেশন এ তালিকা তৈরি করেছে।
জরিপে আরো বলা হয়েছে নারীর প্রতি যৌন সহিংসতা ও হয়রানির দিক দিয়ে সবচেয়ে খারাপ মহানগরের তালিকায় এই শহরের অবস্থান চতুর্থ। আর নারীর অঙ্গহানি ও জোরপূর্বক বিয়ের মতো ক্ষতিকর সামাজিক রীতির দিক দিয়ে আছে তৃতীয় অবস্থানে।
সব মিলিয়ে ঢাকা নারীদের জন্য সপ্তম খারাপ শহর। জরিপের ফলাফল অনুযায়ী মিসরের কায়রো নারীদের জন্য সবচেয়ে খারাপ মহানগর । এরপর যথাক্রমে পাকিস্তানের করাচি, কঙ্গোর কিনশাশা, ভারতের নয়াদিল্লি, পেরুর লিমা, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং এরপর ঢাকা। ঢাকার পরে আছে নাইজেরিয়ার লাগোস, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং তুরস্কের ইস্তাম্বুল।
আর ভালোর মধ্যে শীর্ষে আছে যুক্তরাজ্যের লন্ডন। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে জাপানের টোকিও এবং ফ্রান্সের প্যারিস।
