আগামীকাল ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শত নারীর আঁকা চিত্রকর্ম নিয়ে শুরু হলো বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। বাংলাদেশে একত্রে শত নারী চিত্রশিল্পীর আঁকা চিত্র প্রদর্শনী এটাই প্রথম। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর শিরোনাম ‘মাধবীলতা’।
বাংলাদেশ শিল্পকলা একডেমি এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) চারুকলা বিভাগ যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
গতকাল বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ১ নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সুরাইয়া বেগম ও ইউডার প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়্যারমান অধ্যাপক মুজিব খান।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউডার চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ ও প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক কানিজ সোহানী ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির পরিবেশনায় ড. মাহফুজা হিলালীর গ্রন্থণায় ও লিয়াকত আলী লাকীর নির্দেশনায় পরিবেশিত হয় বিশেষ প্রযোজনা ‘মহীয়সী নারী’।
প্রদর্শনীতে ইউডার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ১০৫ জনের অঙ্কন করা প্রায় দেড় শতাধিক চিত্র প্রদর্শিত হবে। আগামী ১২ মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে।
