না ফেরার দেশে চলে গেলেন সুরকার সেলিম আশরাফ। গতকাল রোববার (১ মার্চ) দিবাগত রাত ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ অনেক জনপ্রিয় গানের সুরকার ছিলেন সেলিম আশারাফ। এ ছাড়া বেশ কিছু গান শ্রোতামহলে দারুণভাবে সাড়া ফেলেন।
জানা যায়, চার বছর ধরে অসুস্থ ছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে শ্রীরাম মেডিকেল সেন্টারে ১৩ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন এই সুরস্রষ্টা। তখন খানিক সুস্থতাবোধ করলেও কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।
চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়ায় প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান এবং ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দেন। সেলিম আশরাফের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন।
পাশে দাঁড়ান অসুস্থ এন্ড্রু কিশোরও; কিন্তু এবার আর তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করে পার পেলেন না। চলেই গেলেন না ফেরার দেশে।

