যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানে একটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে এক টুইটে এ খবর দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
স্থানীয় সময় সোমবার সকালে ম্যানহাটানের মধ্যাঞ্চলে ফোরটিটু স্ট্রিট এবং এইটথ এভিনিয়্যুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের খবর প্রকাশ পাওয়ার পর ওই অঞ্চলে কয়েকটি সাবওয়ে ট্রেনলাইন খালি করে ফেলা হয়েছে।
নিউ ইয়র্ক সিটি পুলিশের প্রাথমিক অনুমান, পাইপ বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত এক জন ব্যক্তির জখমের খবর পাওয়া গিয়েছে।
নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ম্যানহাটানের মধ্যাঞ্চলে পোর্ট অথরিটি বাস টার্মিনালে একটি দুর্ঘটনার খবর পেয়ে আমাদের কর্মীরা সেখানে রওয়ানা হয়েছে।
