নিউজিল্যান্ডকে ‘করোনামুক্ত’ ঘোষণা



নিউজিল্যান্ডকে ‘করোনামুক্ত’ ঘোষণা
New Zealand Prime Minister Jacinda Ardern smiles during a news conference prior to the anniversary of the mosque attacks that took place the prior year in Christchurch, New Zealand, March 13, 2020. REUTERS/Martin Hunter


নিউজিল্যান্ড এখন ‘করোনামুক্ত’, এমনটিই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফেব্রুয়ারির ২৮ তারিখের পর এই প্রথম দেশটি ‘করোনাশূন্য’ (জিরো অ্যাকটিভ কেইস) বলে জানা যায়।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড আজ সোমবার বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, সবশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি এখন উপসর্গমুক্ত। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা নাগাদ দেশটি করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিতে পারে। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫০৪ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে ২২ জন মারা গেলেও বাকি ১৪৮২ জন সুস্থ হয়েছেন। দেশটি এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে এখন পর্যন্ত ৪ লাখ ৬ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন।

বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন। মৃত এবং আক্রান্তের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯১ জনের মৃত্যু হয়েছে। তাতে সেখানে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের প্রাণ গেল নতুন এই রোগে। মোট আক্রান্ত ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন।