করোনাভাইরাস মোকাবেলায় লড়াই চালিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। এ লড়াইয়ের প্রথম ও প্রধান শর্ত সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, বাড়ির বাইরে বের হওয়া যাবে না। ঘরে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে।
সে কারণেই বিশ্বের বিভিন্ন দেশ, এলাকা লকডাউন করা হয়েছে। নেওয়া হ্যেচগে বিভিন্ন পদক্ষেপ। এরই সুফল যেন পাচ্ছে নিউজিল্যান্ড। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।
গত তিন সপ্তাহের মধ্যে বুধবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল সর্বনিম্ন। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ২৯। গত চারদিন ধরেই আক্রান্তের সংখ্যা কমতে দেখা গেছে।
করোনার বিস্তাররোধে কড়াকড়ি আরোপ করেছিল দেশটির সরকার। অন্য কোনো দেশ থেকে নিউজিল্যান্ডে পৌঁছালেই বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
দেশজুড়ে দু’সপ্তাহ ধরে লকডাউন এবং কড়াকড়ির কারণেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে নিউজিল্যান্ড।
যেসব নাগরিক বিদেশ থেকে ফিরেছেন এবং তাদের শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি তাদের বাড়িতে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২১০ এবং মারা গেছে একজন। অপরদিকে, ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৮২ জন।
সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, মারা গেছেন ৮৮ হাজারেরও অধিক।দ

