বিশ্বব্যাপী আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির সঙ্গে যুক্ত পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকা তার অধিকাংশ আন্তর্জাতিক শাখা অফিস গুটিয়ে নিচ্ছে। ব্যবসায় অতিমন্দা দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
গত বছরের ৩ এপ্রিল মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হলে বিশ্বজুড়ে হইচই শুরু হয়। নথিগুলো ছিল বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী, রাজনীতিক, চলচ্চিত্র ও ক্রীড়াজগতের তারকাদের অর্থ পাচার এবং কর ফাঁকির তথ্যসংবলিত। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই কর ফাঁকি দেওয়া অর্থ কর রেয়াতকারী অঞ্চলে তথাকথিত সব প্রতিষ্ঠান (অফশোর কোম্পানি) তৈরির মাধ্যমে গচ্ছিত রেখেছিলেন ধনাঢ্য পাচারকারীরা। কর রেয়াতকারী এসব অঞ্চলের মধ্যে প্রায় সবই যুক্তরাজ্যের রানিশাসিত নানা অঞ্চল (ব্রিটিশ টেরিটরিজ)। এই অঞ্চলগুলো ‘করের স্বর্গ’ বা ‘ট্যাক্স হেভেন’ নামে পরিচিত।
মোসাক ফনসেকার অন্যতম প্রতিষ্ঠাতা জার্গেন মোসাক বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ‘বিদেশে আমাদের প্রায় ৪৫টি অফিস রয়েছে। এখন চালু আছে ছয়টি।’
তবে মোসাক ফনসেকার সদর দপ্তর বন্ধ হচ্ছে না বলে গুরুত্বের সঙ্গে জানান তিনি।
উল্লেখ্য, সর্বপ্রথম পানামা পেপারস’ কেলেঙ্কারির ঘটনায় বিক্ষোভের মুখে গত বছরের ৫ এপ্রিল পদত্যাগ করেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। অফশোর অ্যাকাউন্ট খুলে তিনি কর ফাঁকি দিয়েছেন এমন খবর ফাঁস হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ হয়। একইদিনে পদত্যাগে বাধ্য হন টিআইয়ের চিলি শাখার প্রধান গনজালো দেলাভিউ। এছাড়া স্পেনের ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রী হোসে ম্যানুয়েল সোরিয়া পদত্যাগ করেন। ফাঁস হওয়া নথি ঘেঁটে দেখা গেছে, ১৯৯২ সালে দুই মাস একটি অফশোর কোম্পানির প্রশাসক ছিলেন সোরিয়া। আর্মেনিয়ার বিচারিক আইন বাস্তবায়ন সেবা বিভাগের প্রধান মিখলান পগদ্যাসিয়ান গত বছরের ১৭ এপ্রিল পদত্যাগ করেন। পানামা পেপারস কেলেঙ্কারির ধাক্কা লাগে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাতেও। হুয়ান পেদ্রো দামিয়ানি নামের এক কর্মকর্তা সংস্থার নিরপেক্ষ নৈতিকতা কমিটি থেকে পদত্যাগ করেন। পানামা পেপারস ফাঁস হওয়ার পর হংকংয়ের প্রভাবশালী সংবাদমাধ্যম মিং পাওয়ের শীর্ষস্থানীয় এক সম্পাদককে বরখাস্ত করা হয়েছে। সর্বশেষ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
