ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের নাটক ‘সেলসম্যানের সংসার’ আজ (৯ জুলাই) মঞ্চায়িত হবে বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।
বিকাল ৫টা ও রাত ৮টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। এছাড়া কিছুসংখ্যক টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার টাকা।
এখানেই থেমে থাকবে না অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এদিন অঞ্জন দত্তের নাট্যজীবন নিয়ে নতুন গ্রন্থ ‘নাট্যঞ্জন’-এর মোড়ক উন্মোচন হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক সাজ্জাদ হুসাইন। এদিকে এর আগে অঞ্জন দত্তের সেলসম্যানের সংসার নাটকের মঞ্চায়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। শুরুতে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানটি করার কথা থাকলেও পরে তা বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে হওয়ার কথা জানিয়েছিলেন আয়োজক সাজ্জাদ হুসাইন।
এরপর নাটকটি মঞ্চায়নের ঠিক দুদিন আগে জানা যায়, শিল্পকলায় নাটকটি মঞ্চায়নের জন্য কোনো হল বুকিং দেননি আয়োজক সাজ্জাদ হুসাইন।
উল্লেখ্য, সেলসম্যানের সংসার নাটকটি আর্থার মিলারের ‘ডেথ অব আ সেলসম্যান’ অবলম্বনে তৈরি।
এই উপলক্ষে আজ ঢাকায় আসছেন অঞ্জন দত্ত। ২০১৮ সালের মার্চে তাকে নিয়ে লেখা বই ‘অঞ্জনযাত্রা’র মোড়ক উন্মোচন করতে বাংলাদেশে এসেছিলেন।

