নতুন মালয়েশিয়ার রূপকার, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার নিজের গড়া রাজনৈতিক দল ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়া থেকে বহিষ্কার হয়েছেন।
আল জাজিরার খবরে জানা গেছে, বৃহস্পতিবার ( ২৮ মে) দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বসায় তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মাহাথিরের সদস্যপদ বাতিল করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দলটির একটি চিঠিতে বলা হয়, গত সপ্তাহে সংসদে বৈঠককালে বিরোধী দলের আসনে বসেন মাহাথির। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মুহিউদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করায় স্বাভাবিকভাবেই তার সদস্যপদ বাতিল হয়। ওই রাজনৈতিক দলটির সরকার বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে। এটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
মু্হিউদ্দিনের প্রধানমন্ত্রীত্ব নিয়ে গত ১৮ মে দেশটির পার্লামেন্টের আস্থাভোটের ডাক দেন মাহাথির। তিনি বলেন, মালয়েশিয়ায় এখন গণতন্ত্র বলে আর কিছু নেই।

