মিয়ানমারের রাখাইন থেকে সেনাবাহিনীর দমন পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধন চলছে। এ পর্যন্ত ৭ লাখ ২ হাজার ১০৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিবন্ধিত হয়েছে।
বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ইউএনএইচসিআর-এর কর্মীরা রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ করছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন।
আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন বলেন, উখিয়া ও টেকনাফের ১২টি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী রোহিঙ্গাদের এই নিবন্ধনের আওতায় আনা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়।
দীর্ঘদিন ধরে মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের শিকার রোহিঙ্গারা পালিয়ে রাখাইন সীমান্তবর্তী বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিতে নিতে অগাস্টের আগ পর্যন্ত তাদের সংখ্যা চার লাখে বেশি ছাড়িয়ে যায়। ওইসব রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় সামাজিক নানা সমস্যা সৃষ্টির অভিযোগের মধ্যে গত ২৫ অগাস্ট থেকে রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর তিন মাসে আরও প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছে।
মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে তাদের আশ্রয়ের ব্যবস্থা করায় আন্তর্জাতিক মহলে প্রশংসিতও হয়েছে বাংলাদেশ। তবে টেকনাফ ও উখিয়ায় স্থানীয় অধিবাসীদের সংখ্যা যেখানে ৫ লাখ ৭ হাজার, সেখানে নতুন-পুরনো মিলিয়ে দশ থেকে ১২ লাখ রোহিঙ্গা ওই এলাকায় আশ্রয় নেওয়ায় নানা ধরনের সমস্যা সৃষ্টি এবং পর্যটন এলাকাটির পরিবেশ নষ্ট হচ্ছে বলে উদ্বেগ রয়েছে।
এসব প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কাছে মেঘনার মোহনার বিরান দ্বীপ ভাসান চরে সরিয়ে নিতে পরিকল্পনা করে সরকার।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
