পাম অয়েলের দামে নিম্নমুখিতা দেখা গেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দাম কমার প্রভাব পড়েছে মালয়েশিয়ার পাম অয়েলের বাজারে।
গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েল বিক্রি হয় ২ হাজার ৫৭৭ রিঙ্গিতে (৬৪৬ ডলার ৬৮ সেন্ট), যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কম। গতকাল দিন শেষে মোট ১৫ হাজার ৩৫৯ লট (প্রতি লটে ২৫ টন) পাম অয়েল বেচাকেনা হয়েছে।
এর আগে গত শুক্রবার পাম অয়েলের দাম ২০১৭ সালের ৪ ডিসেম্বরের পর সর্বোচ্চে উঠেছিল। এদিন প্রতি টন পাম অয়েল বিক্রি হয়েছিল ২ হাজার ৬১৫ রিঙ্গিতে। এর মধ্যেই তিন মাসের জন্য পাম অয়েলের রফতানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। ৮ জানুয়ারি থেকে পণ্যটির রফতানি শুল্ক দশমিক ৫ শতাংশ কমিয়ে ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গতকাল ডলারের বিপরীতে রিঙ্গিতের বিনিময় মূল্য বেড়ে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছে। এর জের ধরে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দরপতন হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে এদিন অন্যান্য ভোজ্যতেলের দাম কমেছে।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন সয়াবিন তেলের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে পণ্যটির দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে মালয়েশিয়ার পাম অয়েলের বাজারে ।
