নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে দুই স্টক এক্সচেঞ্জের ব্লু-চিপ সূচকই ঊর্ধ্বমুখী। দিনের শুরুতে লেনদেনে চাঙ্গা ভাব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। এদিকে উভয় বাজারে দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২৮ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৫৫৮ দশমিক ৬৭ পয়েন্টে। তবে ১ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ২ হাজার ৭৫ দশমিক ৩৭ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৫ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে ১ হাজার ৩০১ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১০ কোটি ৮১ লাখ ৭২ হাজার ৮৯৪টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৭৮ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ৫৬২ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২১৯টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩৫ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে ১০ হাজার ৩৯৪ দশমিক ১৮ পয়েন্টে নেমে যায়। তবে ৫১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০৩ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৭ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ৪৭৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৭ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৭৫ টাকা।