নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু-চিপ ও শরিয়াহ সূচক কিছু পয়েন্ট যোগ করেছে। কেনাবেচা আগের দিনের চেয়ে কমেছে দুই স্টক এক্সচেঞ্জেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সকালে সূচক বাড়তে শুরু করলেও আধা ঘণ্টার মধ্যেই বিক্রয়াদেশ বাড়তে থাকে। দুপুর ১২টায় এক দফা ঊর্ধ্বমুখিতার পর আবারো পয়েন্ট হারাতে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স। দিন শেষে সূচকটি ১০ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৬৮৩ দশমিক ৫৪ পয়েন্টে। এদিকে ৫ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমে ২ হাজার ১১৪ দশমিক ১৩ পয়েন্টে নেমেছে ঢাকার বাজারের ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ১ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে ১ হাজার ৩১৭ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৪৯০ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকার সিকিউরিটিজ হাতবদল হয়। আগের কার্যদিবসে তা ৫৩১ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা ছিল। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত ছিল ৫৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১০ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১০ হাজার ৬১৩ দশমিক ৯৬ পয়েন্টে নেমে যায়। তবে ১৮ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৮৫ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২১ কোটি ৯২ লাখ ৩৩ হাজার ৬৭৩ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২২ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ৪৭৯ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর।