নিম্নমুখী প্রবণতা দেশের পুঁজিবাজারে




সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আবারো নিম্নমুখী প্রবণতা দেখা গেছে দেশের পুঁজিবাজারে। দিন শেষে প্রায় ২১ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। অধিকাংশ সিকিউরিটিজের দর হ্রাসের পাশাপাশি কেনাবেচাও কমেছে শেয়ারবাজারে। দিন শেষে সব কটি সূচকই ছিল নিম্নমুখী।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২১ দশমিক ৪ পয়েন্ট বা দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৩৯১ দশমিক ৮৯ পয়েন্টে। ১৬ দশমিক ৩ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে ১ হাজার ৯৯০ দশমিক ৭৯ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৫ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে ১ হাজার ২৬২ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১০ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৬৯৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৩৮ কোটি ৪১ লাখ ৫৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৬১ কোটি ৮০ লাখ ৯৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৭৯টির ও অপরিবর্তিত ছিল ৫৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২৯ দশমিক ৩১ পয়েন্ট কমে ১০ হাজার ৬৪ দশমিক ১৩ পয়েন্টে উন্নীত হয়। আর ৫৩ দশমিক ৫১ পয়েন্ট কমে ১৫ হাজার ১৬৪ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৫ কোটি ৪০ লাখ ৬০ হাজার ৫৪০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৯ কোটি ৭১ লাখ ৮১ হাজার ৫৯৭ টাকা।