মার্চে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের গড় দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তিন মাসের টানা নিম্নমুখিতার ধারাবাহিকতায় এ সময় ভোজ্যতেলটির গড় দাম প্রায় ১ শতাংশ কমেছে।
এদিকে গত ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের বাজার কিছুটা চাঙ্গা হলেও মার্চে ফের পণ্যটির গড় দাম কমেছে।
সিবিওটিতে ২০১৭ সালের নভেম্বরে তাত্ক্ষণিক সরবরাহের চুক্তিতে প্রতি টন সয়াবিন তেল আগের মাসের তুলনায় ১ দশমিক ৬১ শতাংশ বেড়ে বিক্রি হয় ৮৮১ ডলারে। এর পর থেকে সয়াবিন তেলের গড় দামে ধারাবাহিক মন্দাভাব দেখা যায়। ডিসেম্বরে ভোজ্যতেলটির দাম কমে দাঁড়ায় টনপ্রতি ৮৬৬ ডলারে, যা আগের মাসের তুলনায় ১ দশমিক ৭০ শতাংশ কম।
চলতি বছরের শুরু থেকে সিবিওটিতে সয়াবিন তেলের দাম কমতির দিকে ছিল। গত জানুয়ারিতে প্রতি টন সয়াবিন তেলের গড় দাম ছিল ৮৬৪ ডলার, যা আগের মাসের তুলনায় দশমিক ২৩ শতাংশ কম। পরের মাসে ভোজ্যতেলটির গড় দাম আরো ২ দশমিক ৫৫ শতাংশ কমে দাঁড়ায় টনপ্রতি ৮৪২ ডলারে। টানা তিন মাসের মন্দাভাবের ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে সিবিওটিতে প্রতি টন সয়াবিন তেল বিক্রি হয় গড়ে ৮৩৪ ডলারে, যা আগের মাসের তুলনায় দশমিক ৯৫ শতাংশ কম।
এদিকে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে চলতি বছরের মার্চে তাত্ক্ষণিক সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েলের গড় দাম ছিল ৬৮১ ডলার, যা আগের মাসের তুলনায় ২ দশমিক ৭১ শতাংশ বেশি। গত ফেব্রুয়ারিতে ভোজ্যতেলটি আগের মাসের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি ৬৬৩ ডলারে বিক্রি হয়েছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের গড় দাম বেড়েছে টনে ১৮ ডলার।
