প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘নিরপেক্ষ থেকে নির্বাচন করব, এই দৃঢ়তা রয়েছে। আমাদের প্রতি দলগুলোর কোনো অনাস্থা নেই। অন্য কোনো ব্যাপারে কথাবার্তা থাকলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের অভিযোগ নেই।’
শনিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ নূরুল হুদা এই আশাবাদ ব্যক্ত করেন।
সিইসি বলেন, “নির্বাচন করাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা আশা করি, সব দলই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। সব দল না এলে তা ভালো নির্বাচন হবে না।”
বিএনপি ও সমমনা দলগুলো দশম সংসদ নির্বাচনে অংশ না নিলেও একাদশ সংসদে নির্বাচনে তার পুনরাবৃত্তি হবে না বলে আশা রাখেন কে এম নূরুল হুদা।
আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচনগুলোতে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার করা হবে। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনেও যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান স্টেকহোল্ডার (অংশীজন) রাজনৈতিক এবং ভোটাররা যদি ইভিএম এ ভোট গ্রহণের বিষয়ে একমত হন, তবেই তা জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন করা অনেক কষ্টকর। তাই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে। তবে আগে স্থানীয় নির্বাচনে ব্যবহার করে আস্থা অর্জন করতে হবে।’
উল্লেখ্য, এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। তা অংশগ্রহণমূলক করার বিষয়ে জোর দিচ্ছে সব মহল।
