নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলুন: বেগম জিয়া




আজ রবিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় তিনি পরবর্তী সংসদ নির্বাচন নিয়ে দলের এই অবস্থান প্রকাশ করেন।
নির্দলীয় সরকার না হওয়ায় দশম সংসদ নির্বাচনবর্জন করে বিএনপি। একাদশ সংসদ নির্বাচনেও ‘সহায়ক সরকারের’ দাবি তুলেছে তারা। কিন্তু বিএনপির দাবি প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, ভোটের সময় শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন।
এই পরিস্থিতিতে দেড় বছর পর ঢাকায় প্রথম জনসভায় এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।
তিনি বলেন, “হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের বলব,দেশে একটি সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব আপনাদের। আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলুন।”
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, “শুধু মোতায়েন করলেওই হবে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দিতে হবে।”
ইলেকট্রনিক ভোটিং মেশিনে আপত্তি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “কোনো ইভিএম চলবে না। ইভিএম বন্ধ করতে হবে। ইভিএম আমরা চাই না।”
গত বছরের ১ মে শ্রমিক সমাবেশে বক্তৃতার পর রোববারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করলেন খালেদা জিয়া। এই সমাবেশে জনসমাগম ঠেকাতে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে সরকার পরিকল্পিতভাবে বাস চলাচল বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সমাবেশে জনসমাগমে পথে পথে বাধা দেওয়ার অভিযোগ তুলে তার নিন্দা জানান খালেদা।
আজ রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এক ঘণ্টা পর খালেদা জিয়া সমাবেশস্থলে পৌঁছলে চার দিক থেকে তার নামে স্লোগান ওঠে। তিনি হাত উঁচিয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে বিএনপি নেতাদের নিয়ে বসেছেন খালেদা জিয়া।
মঞ্চের পেছনে লাগানো ব্যানারে লেখা আছে- ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনসভা’।
তবে ৭ নভেম্বর ‘বিপ্লব ও জাতীয় সংহতি দিবস’ উপলক্ষে এই সমাবেশ ডাকা হলেও এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে গুরুত্ব পাচ্ছে, তা বিএনপি মহাসচিবের কথায় স্পষ্ট।
জনসভার জন্য উদ্যানে ৬০ ফুট লম্বা ও ৩০ ফুট প্রশস্ত মঞ্চ নির্মাণ করেছে বিএনপি। মঞ্চের চারপাশে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। মঞ্চের সামনে ৩০ ফুট জায়গায় বেষ্টনি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশ-পাশের এলাকায় সাজানো হয়েছে নানা রঙের ব্যানার-ফেস্টুনে। এসব ডিজিটাল ব্যানারে দেখা যাচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। পুরো জনসভা সুশৃঙ্খল রাখতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের দুই হাজারের বেশি নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
মহাসচিব মির্জা ফখরুল এই জনসভার পুরো কার্যক্রম সমন্বয় করছেন। তাকে সহযোগিতা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
আরও পড়ুন;
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি
২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি
বিএনপির সমাবেশ: ঢাকায় ঢুকতে বাধা