তিনবার মৃত্যু পরোয়ানা জারি হলেও কার্যকর হয় নি। অবশেষে প্রায় সাত বছর পর নির্ভয়া ধর্ষণ-হত্যার ৪ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) মামলাটির আসামি মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের সব আবেদন খারিজ করে দেন দিল্লির আদালত। এ হিসেবে নির্ধারিত সময় শুক্রবার সকাল সাড়ে ৫ টায় তাদের ফাঁসি কার্যকর করতে আর কোনো আইনি বাধা থাকেনি।
গত জানুয়ারি থেকে তিন বার ফাঁসি কার্যকর হওয়ার কথা এলেও শেষ মুহূর্তে এসে তা বাতিল হয়ে যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইরফান আহমেদ স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, তাদের আর কোনো আইনি পথ বাকি নেই। পবন আর অক্ষয় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন, সেটিও নাকচ হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে মেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে দলবেঁধে ধর্ষণের পর নির্মম নির্যাতন করা হয়। এরপর ২৯ ডিসেম্বর মারা যান ওই মেধাবী শিক্ষার্থী। এরপর সাত বছর ধরে মামলা চলার পর দোষীদের শাস্তি দেওয়া হয়।

