নীলফামারীতে মাল্টা চাষের সুবাতাস




নীলফামারীতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে এ জেলায় সমতল ভূমিতে মাল্টা চায়ের ব্যাপক সম্ভাবনা থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা কৃষি বিভাগ ১০০টি মিনি বাগান (২০ শতক জমির) তৈরির জন্য বারি-১ জাতের ৬০টি করে চারা প্রদান করেছেন ১০০ জন কৃষককে।
ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে সৌদিআরব প্রবাসী এস এম আব্দুল্লাহ ৬০ বিঘা জমিতে মাল্টাসহ বিভিন্ন ফলের বাণিজ্যিক চাষ শুরু করেছেন। ওই বাগানের সার্বিক দায়িত্বে থাকা রঞ্জু মিয়া (৫০) বলেন, অন্যান্য ফলের পাশাপাশি সাত বছর আগে রোপণ করা হয়েছিল বিভিন্ন জাতের ৫০টি মাল্টার চারা। দুই বছর বয়সে গাছে ফল আসতে শুরু করে। এখন প্রতিটি গাছ ফল দিচ্ছে দুই মণের উর্দ্ধে। প্রতিমণ মাল্টা বিক্রি হচ্ছে চার হাজার টাকা দরে।’
এ বিষয়ে তিনি বলেন,‘মাল্টার ফল দেখে অনেকে আগ্রহী হচ্ছেন মাল্টা চাষে। আমরা ওই গাছ থেকে এখন চারা তৈরি করে বিক্রি করছি। গত দুই বছরে বিক্রি করেছি ছয় হাজার চারা। পাশাপাশি বাগানে আরো রোপণ করা হয়েছে সাড়ে ছয়শ গাছ। সেখান থেকে অন্তত একশ গাছ ফল দিচ্ছে। বারি-১সহ পাকিস্তানী, নাগপুরী, দার্জিলিং, মরক্কো, ইরাণী জাজের মাল্টার গাছ আছে। ফলের পাশাপাশি ওই গাছ থেকে চারা তৈরি করে বিক্রি করা হচ্ছে। চারা তৈরিতে এক বছর সময় এবং চারা রোপণের পর গাছে ফল আসতে দুই বছর সময় লাগে।’
ওই বাগান পরিদর্শণ করে নীলফামারী ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন,‘আমরা আয় ও কর্মসংস্থানের জন্য শিল্পের দিকে ঝুকে পড়ছি। কিন্তু পরিবেশ বান্ধব কৃষি খামার গড়েও আয় এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেটি তারই একটি উদাহরণ।’
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, জেলাটি শীত প্রধান হওয়ায় ছয় উপজেলার উঁচু বেলেদোআশ মাটিতে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা আছে। এমন সম্ভানায় অনেকেই বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন। এর মধ্যে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের পঞ্চনীল নার্সারী এবং মিশ্র ফলের বাগানের মালিক এসমএম আব্দুল্লাহ বাণিজ্যক চাষ করছেন। মাতৃগুণের কারণে ফলের গুণাগুণের কোন পরিবর্তন হয় না। সমান দূরত্বে প্রতি দুই শতক জমিতে ছয়টি গাছ লাগানো যায়। এটি একটি লাভজনক বাগান।