নেপালের পুলিশের গুলিতে ভারতীয় কৃষকের মৃত্যু, সীমান্তে উত্তেজনা



নেপালের পুলিশের গুলিতে ভারতীয় কৃষকের মৃত্যু, সীমান্তে উত্তেজনা

মানচিত্র বিতর্কের মধ্যেই অশান্তি বাড়ল ভারত-নেপাল সীমান্তে। শুক্রবার ভারতীয় কৃষকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল নেপাল পুলিশের বিরুদ্ধে। বিহারে ভারত-নেপাল সীমান্তের সীতামারিতে গুলিতে নিহত হয়েছেন একজন।

আহত আরও ২ ভারতীয় নাগরকি। বিহার সেক্টরের সশস্ত্র সীমা বলের IG প্রথম এই তথ্য জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, নেপালের দিক থেকেই গুলি ছোঁড়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিহত যুবকের নাম বিকেশ রাই (২৫)। লালবন্দির জনম নগরের বাসিন্দা বিকেশ সীমান্তের কাছে খামারে কাজ করছিলেন, যখন সীমান্তের ওপার থেকে তাঁর শরীরে গুলি লাগে।

আহতদের নাম উমেশ রাম ও উদয় ঠাকুর। এরা প্রত্যেকেই কৃষক বলে জানা গেছে। আহতদের সীতামারি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ১৭ রাউন্ড গুলি চালানো হয়েছে নেপালের দিক থেকে।

এর আগে ১৭ মে আকাশে গুলি চালিয়েছিল নেপাল পুলিশ। তবে নেপালের অভিযোগ ছিল, ভারতীয় তরফ থেকে সীমান্ত পার করার চেষ্টা হয়েছিল। তাই সতর্ক করতে আকাশে গুলি চালানো হয়।

শুক্রবারের ঘটনার জেরে ভারত-নেপাল সীমান্ত আপাতত উত্তপ্ত। ঘটনাস্থলে পৌঁছেছেন ভারতীয় পুলিশ ও সশস্ত্র সীমাবলের পদস্থ কর্তারা। আহত ও মৃতের খবর স্বীকার করেছেন পুলিশের অতিরিক্ত DG (সদর) জিতেন্দ্র কুমার।

সুত্র: এই সময়।