নেপালের সংকটে বাংলাদেশের শোক ও শান্তি কামনা, পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ



বাংলাদেশ নেপালের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেখানে সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। এছাড়া, নেপালের সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ, দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, নেপালের জনগণের প্রতি আস্থা প্রকাশ করে বলেছে, তারা শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।