নেপালে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপত্তা ও নির্বিঘ্নে প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নুর আলম এ তথ্য জানিয়েছেন।
নেপালের রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুটবল দলের মঙ্গলবার দুপুর ৩টায় দেশে ফেরার নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বর্তমানে কাঠমান্ডুর টিম হোটেলে অবস্থান করছেন।
বাংলাদেশ সরকার নেপালের বাংলাদেশ দূতাবাস ও সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে দলের দ্রুত প্রত্যাবর্তনের জন্য কাজ করছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলে তাদের নিরাপত্তা ও পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। তিনি দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

