ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে ৭৮ আসনের বিমানটিতে ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার ছিলেন। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারীর সঙ্গে ছিল দুই শিশুও।
দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়। নেপালে পৌঁছানোর পর এটি বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নেপাল পুলিশের মুখপাত্র মনোজ নেউপানে জানিয়েছেন, ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে, কি কারণে দূঘর্টনা ঘটেছে, এবং কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য তিনি তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি।
ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আমরা ঢাকা থেকে যোগাযোগের চেষ্টা করছি। বিস্তারিত জানার চেষ্টায় আছি আমরা।’
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচার্য দেশটির ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টকে বলেন, এ পর্যন্ত ১৭ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেতরি জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা।
বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান থেকে ধোয়া বেরুতে এবং তাড়াহুড়া করে যাত্রীদের বিমান থেকে বেরিয়ে আসতে দেখেছেন তারা। যাত্রীদের কয়েকজন আহত হয়েছেন।
বিমান দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের জন্য দূতাবাসের হটলাইন ০০৯৭৭৯৮১০১০০৪০১, ০০৯৭৭৯৮৬১৪৬৭৪২২ নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও যোগাযোগ করতে পারেন ইউএস বাংলার হটলাইন ০১৭৭৭৭৭৭৭৬৬ নাম্বারে।
