করোনাভাইরাসের পর পঙ্গপালে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির দক্ষিণাঞ্চলে আক্রমণ করে ইতিমধ্যে ৭০০ কোটি ডলারের বেশি পরিমাণ ফসল নষ্ট করে ফেলেছে।
তাই পঙ্গপাল তাড়াতে এবার সেনাবাহিনীর সহায়তা নেবে দেশটি বলে জানা যায়।
দেশটির কৃষিমন্ত্রণালয়ের ফসল সুরক্ষা বিভাগের মুখপাত্র মোহাম্মদ রেজা মির বলেন, ‘সেনাবাহিনী আমাদের প্রতিশ্রুতি দিয়েছে পঙ্গপালের বিরুদ্ধে লড়তে তারা আমাদের সাহায্য করবে। যে সব এলাকায় প্রবেশ কঠিন সে সব এলাকায় প্রবেশের জন্য তাদের ভূমিতে চলাচলযোগ্য যানও সরবরাহ করবে। গত বছরও পঙ্গপালের হানা থেকে রক্ষায় সেনাবাহিনী আমাদের সহযোগিতা করেছিল।’
তিনি জানান, গত মাসে ৭.৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ফসল হুমকিতে ফেলেছিল পঙ্গপাল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, পঙ্গপালের হানায় ইরানের প্রতিবেশী পাকিস্তানে শুধু শীতের ফসল নষ্ট হয়েছে ২.২ বিলিয়ন ডলারের।
জানা যায়, মরু পঙ্গপাল ইতিমধ্যে ২ লাখ হেক্টরের বেশি পরিমাণ ফলবাগান ও কৃষিজমিতে হানা দিয়েছে। ইরানের ৩১ প্রদেশের সাতটির মধ্যে এ অবস্থা। পূর্বইরান থেকে শুরু করে পাকিস্তান ও ইরাক সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত ১০ লাখ হেক্টর হতে পারে।
সূত্র: রয়টার্স

