পথে পথে জলজট; ভোগান্তিতে ঢাকাবাসী




কয়েকদিনের তীব্র গরমের পর রবিবার সকাল থেকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে কয়েক ঘণ্টার বর্ষণে সাময়িক স্বস্তি পেলেও অন্য ভোগান্তির সম্মুখীন হচ্ছে ঢাকাবাসী। এই কয়েক ঘণ্টার বর্ষণে জল জমেছে রাজধানীর বিভিন্ন রাস্তায়। ফলে ছুটির দিনেও বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট।
আজ রোববার সকাল ৮টার দিকে আকাশ আঁধার করে রাজধানীতে ধেয়ে আসে কালবৈশাখী। আবহাওয়া অফিস বলছে, ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৩ কিলোমিটার। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়। আবহাওয়াবিদদের মতে ঝড়-বৃষ্টির এই প্রবণতা চলবে আরও কয়েক দিন।
সকালের বৃষ্টির পর মিরপুর ১০ নম্বর থেকে থেকে ১৩ নম্বর পর্যন্ত সড়কের দুপাশে, ১৪ নম্বর সেকশন, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত এলাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়।
মিরপুরে মেট্রোরেলের কাজ চলছে বলে সড়কে গাড়ি চলার জায়গায় এমনিতেই কমে গেছে। তার মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ১০ নম্বর থেকে ফার্মগেটমুখী সড়কে দেখা যায় ব্যাপক যানজট। অনেক গাড়িকে মিরপুর ১ নম্বর ঘুরে ফার্মগেইটের দিকে যেতে দেখা যায়। এছাড়া পশ্চিম রাজারবাজার, ইন্দিরা রোডের বিভিন্ন সড়কে দেখা যায় নিষ্কাশন নালা থেকে উপচে ময়লা পানিতে রাস্তা সয়লাব হয়ে আছে।
জাতীয় সংসদ ভবন এলাকার পূর্বপাশের রাস্তা, চন্দ্রিমা উদ্যানের মুখে এবং জাহাঙ্গীর গেট এলাকার সড়কের এক প্রান্তেও জলাবদ্ধতা দেখা যায়। দুপুরের দিকে ফার্মগেইট থেকে কারওয়ান বাজারে যাওয়ার সড়কেও বিভিন্ন অংশে পানি জমে থাকতে দেখা যায়। ওই সময় শুক্রবাদ এলাকাতেও রাস্তায় পানি ছিল। নাবিস্কো এলাকায় পানির কারণে যান চলাচলের জায়গা কমে আসায় সৃষ্টি হয় যানজট।
এদিকে বিমানবন্দর সড়কের এমইএস বাসস্ট্যান্ড ফ্লাইওভারের মুখে, বনানী কবরস্থান, আর্মি স্টেডিয়ামের সামনের সড়কে একটা অংশে পানি জমে থাকতে দেখা যায় দুপুর পর্যন্ত।
বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি থাকায় রোববার সকালে এমনিতে রাস্তা ছিল মোটামুটি ফাঁকা, লোকজন বের হয়েছে কম। তবে যারা বের হয়েছেন তারা পড়েছেন যানবাহন স্বল্পতায়।